স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী সব সময় সমাজকে অস্থির রাখতে চায় এবং ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টির চেষ্টা করে। শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ
ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার লড়াইয়ের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে এবং মানুষ নতুন সরকারের প্রতি অনেক আশা নিয়ে আছে। যারা ফ্যাসিস্ট ছিল, তারা দেশের প্রশাসন, ব্যাংক ও অর্থনীতি ধ্বংস করে বিদেশে অর্থ পাচার করেছে। বর্তমানে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার চেষ্টা চলছে, কিন্তু একটি পক্ষ এই পরিবর্তনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে।
রবীন্দ্রনাথ ঠাকুরকে আজও প্রাসঙ্গিক উল্লেখ করে মন্ত্রী বলেন, কবিগুরু কেবল সাহিত্যচর্চাই করেননি, বরং কৃষকদের দুর্দশা লাঘবে ব্যাংক স্থাপন ও আধুনিক কৃষির প্রবর্তন করেছিলেন। তিনি আরও বলেন, রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে সাহিত্যচর্চার বিকল্প নেই। সাহিত্য ও সংস্কৃতিমনা মানুষ কখনো মন্দ হতে পারে না।
অনুষ্ঠানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের চেতনা এবং বাংলাদেশি হিসেবে জাতীয় পরিচয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যরা।
এসআর