ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিরোধী দলকে হুঁশিয়ারি প্রদান করেছেন। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন যে, সরকারকে পতনের হুমকি দিলে রাজপথেই তার
কঠোর জবাব দেওয়া হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিরোধী দলকেই পতনের স্বাদ গ্রহণ করতে হবে। বর্তমান সরকারের বৈধতা তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, এই সংসদ কোনো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নয় বরং সরাসরি জনমতের ভিত্তিতে গঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী সংসদ নেতার প্রতি সংহতি প্রকাশ করে বলেন, বিগত দিনে যেভাবে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, প্রয়োজনে আবারও সেভাবেই অবস্থান নেওয়া হবে। তিনি আরও অভিযোগ করেন যে, বিরোধী দলের নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণে শিক্ষাঙ্গনগুলো উত্তপ্ত হচ্ছে এবং ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের মতো দুঃখজনক ঘটনা ঘটছে। জ্বালানি সংকট নিরসনে সরকারি উদ্যোগের প্রশংসা করার পরপরই মাত্র কয়েক দিনের ব্যবধানে সরকার হটানোর আলটিমেটাম দেওয়াকে তিনি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হিসেবে বর্ণনা করেন।
ইশরাক হোসেন সতর্ক করে বলেন যে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে কেবল পলাতক ফ্যাসিবাদের দোসররাই লাভবান হবে, যা ২৪-এর আন্দোলনের শহীদদের প্রতি অসম্মানজনক। পরিশেষে তিনি বিভক্তির রাজনীতি পরিহার করে এবং স্বৈরাচারী আমলের অপসংস্কৃতি থেকে বের হয়ে এসে পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারের সাথে একটি ঐক্যের ও শান্তির রাজনীতি গড়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
এসআর