সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম মাহফুজ আলমকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে—তিনি কি নতুন করে কোনো দলে যোগ দিচ্ছেন? বিশেষ করে এনসিপিতে তার সম্পৃক্ততা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও বিষয়টি এখনো স্পষ্ট নয়।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আলোচনায় আসা মাহফুজ আলম একসময় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তিনি পরিচিতি পান এবং আন্দোলনের কৌশল নির্ধারণে তার ভূমিকা নিয়ে নানা আলোচনা রয়েছে। যদিও তিনি নিজে একাধিকবার বলেছেন, কোনো কিছুর একক নায়ক তিনি নন।
অন্তর্বর্তী সরকারের সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হন। তবে নির্বাচন সামনে রেখে গত বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি কোনো দল থেকেই প্রার্থী হননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, আদর্শগত কারণেই দলভিত্তিক নির্বাচনে অংশ নেননি।
নির্বাচনের পর তিনি ‘অল্টারনেটিভস’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন। মার্চ মাসে এ প্ল্যাটফর্মের একটি জাতীয় কমিটিও ঘোষণা করা হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক পটভূমি থেকে আসা ব্যক্তিরা যুক্ত হয়েছেন। তবে সংগঠনটির কার্যক্রম এখনো তেমন দৃশ্যমান নয়।
অন্যদিকে, এনসিপির একাধিক নেতার সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। দলটির এক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, মাহফুজ আলমের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে, তবে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হবেন কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সব মিলিয়ে, মাহফুজ আলম আপাতত নিজের প্ল্যাটফর্ম নিয়েই ব্যস্ত থাকলেও ভবিষ্যতে তার রাজনৈতিক অবস্থান কী হবে—তা নিয়ে আগ্রহ ও আলোচনা অব্যাহত রয়েছে।
এসআর