বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের
সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (২৭ এপ্রিল) সকালে তিনি সশরীরে হাইকোর্টে উপস্থিত হন। বিচারপতিদের একটি দ্বৈত বেঞ্চে আজ এই জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
গ্রেফতারি পরোয়ানা: গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে তাকে আদালতে হাজির হওয়ার সমন দেওয়া হলেও তিনি উপস্থিত না হওয়ায় এই নির্দেশ দেওয়া হয়।
মামলার কারণ: গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলাটি করেন। তার অভিযোগ, আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে 'নাস্তিক' আখ্যা দিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
আইনি ধারা: মামলাটি দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় দায়ের করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এমন মন্তব্য কেবল ব্যক্তিগত মানহানিই নয় বরং ধর্মীয় অনুভূতিতেও আঘাত হেনেছে।
এই মামলার পর আইনি প্রক্রিয়া মোকাবিলা করতেই আজ উচ্চ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানিয়েছেন এই সংসদ সদস্য। দিনে পরবর্তী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত দেন, সেদিকেই এখন সবার নজর।
এসআর