[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

মত প্রকাশে বাধার পুরোনো সংস্কৃতি ফিরছে সরকার : সংসদে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মতে, দেশের ক্যাম্পাসগুলো আবারও অস্থিতিশীল হয়ে উঠছে এবং বিরোধী মত দমনে পুরোনো মামলার সংস্কৃতি ফিরে আসছে। ২৬ এপ্রিল (রবিবার) জাতীয় সংসদের অধিবেশনে

 রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, মন্ত্রী বা হুইপদের সমালোচনা করে ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসার মতো ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেখানে স্যাটায়ার বা ভিন্নমতকে উৎসাহিত করছেন, সেখানে সংসদ গঠিত হওয়ার পর থেকে বেশ কিছু জায়গায় মত প্রকাশের কারণে হয়রানির ঘটনা ঘটেছে।

​হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন যে, দেশে এখন কেবল ‘সহমত’ প্রকাশের স্বাধীনতা নয়, বরং ‘দ্বিমত’ প্রকাশের স্বাধীনতা প্রয়োজন। তিনি সমাজের প্রভাবশালী নারী ও শ্রমজীবী নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুমের মতো অপসংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন।

তার মতে, রাজনীতিবিদরা নিজেদের সন্তানদের বিদেশে নিরাপদ রেখে সাধারণ শিক্ষার্থীদের ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল নেতা তৈরির কেন্দ্র না বানিয়ে গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চার স্থান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এছাড়া মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা এবং পুলিশ সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পরিশেষে, তিনি বিভাজন ও দমনের রাজনীতি পরিহার করে জুলাইয়ের অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন।

এসআর

সম্পর্কিত খবর