ঢাকা মহানগর দক্ষিণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসহাক সরকার।
দলটিতে যোগ দেওয়ার মাত্র একদিনের মাথায় এ পদে তাকে দায়িত্ব দেওয়া হয়।
শনিবার রাতে ইসহাক সরকার নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
নতুন কমিটিতে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে এস এম শাহরিয়ারকে, যিনি আগের কমিটিতেও একই দায়িত্বে ছিলেন।
এর আগে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার।
তিনি বিএনপি থেকে বহিষ্কৃত এবং যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
একই অনুষ্ঠানে আরও কয়েকজন আলোচিত ব্যক্তি দলটিতে যোগ দেন।
তাদের মধ্যে রয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফি এবং রেলের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের কারণে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
এসআর