ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কি না এ প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তার ভাষ্য, মাত্র দুই মাসের মধ্যেই সরকারের জনপ্রিয়তা যে হারে কমেছে, তা ভবিষ্যতে কী অবস্থায় পৌঁছাবে—তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও অংশগ্রহণকারীদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করছে বিএনপি। তিনি বলেন, গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত দল হিসেবে বিএনপি এখন জুলাই-পরবর্তী গণরায় অস্বীকার করছে, যা তাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
তার মতে, দলটি যদি আবারও স্বৈরাচারী পথে এগোতে চায়, তাহলে জনগণ ও তরুণরা প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও দাবি করেন, বিভিন্ন সামাজিক কর্মসূচি—যেমন কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টা করছে সরকার। তবে বাস্তবে জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বীকার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারকে সহযোগিতার সুযোগ দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তার বক্তব্য, অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিরা মূল্যায়ন করলে দেখবেন—বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়ে পড়েনি।
শেষে তিনি বলেন, দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে না দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের যথাযথ সম্মান নিশ্চিত করাই তাদের প্রধান দাবি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও অংশগ্রহণকারীরা।
এসআর