[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

রাউজানে গুলিতে নিহত বিএনপি কর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ১২:১২ পিএম

বিএনপি কর্মী নাসির

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মো. নাসির (৫০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির ওই এলাকার বাসিন্দা এবং দুদু মিয়ার ছেলে বলে জানা গেছে।


পরিবারের সদস্যদের ভাষ্য, এর আগে গত বছরের জানুয়ারিতে নাসিরের ওপর হামলার ঘটনা ঘটে।

এরপর থেকে তিনি নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। তবে গত দুই মাস ধরে মাঝেমধ্যে গ্রামে আসতেন এবং আত্মীয়দের বাড়িতে যাতায়াত করতেন।


নিহতের মেয়ে লাভলী আক্তার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার বাবাকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে।

তিনি কয়েকজনের নাম উল্লেখ করে দ্রুত তাদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেন। তার দাবি, দীর্ঘদিন ধরেই তার বাবাকে হুমকি দেওয়া হচ্ছিল।


এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, গুলিবিদ্ধ অবস্থায় নাসিরকে স্থানীয়রা উদ্ধার করে রাতে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর