[email protected] বৃহঃস্পতিবার, ১৪ মে ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩

একনেকে পদ্মা ব্যারেজসহ ৯ উন্নয়ন প্রকল্পে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে ২০২৬ ৮:০৬ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং বিভিন্ন সংস্থার অর্থায়নে প্রায় ২০৫ কোটি টাকা ব্যয় হবে।


বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
সভায় জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন প্রকল্প রয়েছে। এছাড়া ৫টি প্রকল্প সংশোধন এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।


বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নয়ন, হাই-টেক সিটি-২ এর অবকাঠামো উন্নয়ন এবং সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প।


এছাড়া সাভার সেনানিবাসে নতুন ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প, পদ্মা ব্যারেজের প্রথম ধাপের কাজ এবং ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের পাইপলাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।


সভায় আরও দুটি স্বল্প ব্যয়ের প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুল-এর অবকাঠামো উন্নয়ন এবং বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনাদের জন্য নতুন ব্যারাক কমপ্লেক্স নির্মাণ।

এসআর

সম্পর্কিত খবর