[email protected] বুধবার, ১৩ মে ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩

২৭তম বিসিএসে উত্তীর্ণ আরও ৯৬ জনকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে ২০২৬ ৩:১০ পিএম

সংগৃহীত ছবি

২৭তম বিসিএসে উত্তীর্ণ আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তা চাকরিতে অনাগ্রহ হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।


এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর ধরা হবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।


জানা যায়, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হয়েছিলেন। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেই ফল বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা নেয়।


ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন প্রার্থী আদালতে রিট করেন।

২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করেন। পরে রিটকারীরা আপিল বিভাগে আবেদন করেন।


পরবর্তীতে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এবার আরও ৯৬ জনকে নিয়োগ দেওয়া হলো।

এসআর

সম্পর্কিত খবর