পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সোমবার (১১ মে) পর্যন্ত মোট ১৩১টি হজ ফ্লাইটে তারা দেশটিতে যান।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি সময় ১০ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই যাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে চলতি বছরের হজ আগামী ২৬ মে অনুষ্ঠিত হতে পারে। ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ১৩১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬১টি, সৌদিয়া ৪৮টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট।
এয়ারলাইন্সভিত্তিক যাত্রী পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্সে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাসে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবাও চলমান রয়েছে। এখন পর্যন্ত সেখানে স্থাপিত মেডিকেল সেন্টারগুলো থেকে প্রায় ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা নিয়েছেন ১৪ হাজার ৮৬৯ জন।
এদিকে, চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মৃতদের অধিকাংশই মক্কায় মারা গেছেন, বাকিরা মদিনায়।
সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়ার শেষ হজ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
এসআর