চলতি বছরের বাংলাদেশ পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরিতে এবার মোট ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, মনোনীত তালিকায় কয়েকজন বিতর্কিত ও রাজনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত কর্মকর্তা থাকার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে পুনরায় যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ কারণে এখন পর্যন্ত পদক সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি হয়নি এবং কোনো প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়নি।
পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রোববার নির্ধারিত সময় অনুযায়ী পদক বিতরণ হচ্ছে না। তিনি বলেন, পুরো বিষয়টি এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে।
যাচাই শেষে তালিকায় পরিবর্তন আসতে পারে, আবার নতুন নামও যুক্ত হতে পারে।
এ বিষয়ে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতির বিদেশ সফরের কারণে জিও জারি সম্ভব হয়নি। পাশাপাশি মনোনীতদের বিষয়ে আরও কিছু যাচাই-বাছাই করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, পুলিশ সপ্তাহ শুরু হওয়ার পরও পদক বিতরণ স্থগিত থাকার ঘটনা খুবই বিরল।
বিষয়টি নিয়ে বাহিনীর অভ্যন্তরে আলোচনা তৈরি হয়েছে।
সাধারণত সাহসিকতা, পেশাগত দক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের এ পদক দেওয়া হয়ে থাকে।
তবে এবারের তালিকা প্রকাশের পর রাজনৈতিক প্রভাব ও তদবিরের অভিযোগ ওঠায় মাঠপর্যায়ের অনেক সদস্য অসন্তোষ প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
এসআর