[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

দেশে এলো ১৫ লাখ ডোজ হামের টিকা, সংকট কাটার আশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৩:০৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন এসে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি নিজেই বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।


মন্ত্রী জানান, হামের পাশাপাশি হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকা এই চালানে অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার (৬ মে) বেলা প্রায় পৌনে ১২টার দিকে টিকাগুলো দেশে আসে।


সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এসব টিকা আমদানি করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচির জন্যও এ চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। এর আগে জরুরি ক্যাম্পেইনে স্টকের টিকা ব্যবহারের কারণে কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল।


এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েডের টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে এই টিকা দেশে আনা সম্ভব হওয়া একটি বড় সাফল্য। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে আর টিকার কোনো ঘাটতি থাকবে না।


এছাড়া তিনি জানান, আগামী ১০ মে’র মধ্যে আরও বড় চালানে প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর