রাজধানীর ব্যস্ত সড়কে যেখানে যানজট নিত্যদিনের চিত্র, সেখানে বুধবার সকালে দেখা গেল ভিন্ন এক দৃশ্য।
ভিভিআইপি প্রটোকলের প্রচলিত ধারা ভেঙে একটি অ্যাম্বুলেন্সকে আগে যেতে সুযোগ করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (৬ মে) সকাল প্রায় ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের উদ্দেশ্যে সচিবালয়ে যাওয়ার পথে ছিলেন। এ সময় তার গাড়িবহর বনানী দিক থেকে এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল।
পথিমধ্যে প্রধানমন্ত্রীর নজরে আসে, একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বহরের কারণে সেটি এগোতে পারছিল না।
বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
পরে বহরের যানবাহন সরিয়ে অ্যাম্বুলেন্সটির জন্য রাস্তা ফাঁকা করে দেওয়া হয়।
বাংলাদেশে সাধারণত ভিভিআইপি বহরের কারণে অন্য যানবাহনকে অপেক্ষা করতে হয়। তবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এমন প্রটোকলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জরুরি সেবাকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্তকে মানবিকতার উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত এবং ব্যতিক্রমধর্মী। তাদের মতে, একজন সরকারপ্রধানের এমন পদক্ষেপ সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার ইতিবাচক বার্তা বহন করে।
এসআর