কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (৭১) মঙ্গলবার সকালে কারাকক্ষে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। কারা অধিদপ্তরের সহকারী কারা
মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, সকালে ঘুম থেকে উঠে দাঁড়ানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
দুর্ঘটনার পর তাকে দ্রুত কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আঘাতের গুরুত্ব বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় সিটি স্ক্যান করানো হলে চিকিৎসকরা জানান যে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আঘাত গুরুতর কিছু নয়।
হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাবেক এই সেনা কর্মকর্তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, শুরুতে তিনি হাসপাতালে যাওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করলেও উন্নত চিকিৎসার স্বার্থেই তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল কারা কর্তৃপক্ষ।
এসআর