[email protected] সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে ২০২৬ ১০:১১ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত

 শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে তার মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।

​গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হন লিমন ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। এর আটদিন পর ২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফরেনসিক পরীক্ষা শেষে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহও শনাক্ত করা হয়। লিমনের মরদেহ উদ্ধারের আগে বৃহস্পতিবার টাম্পা বে এলাকায় তার জানাজা সম্পন্ন হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি ও সহপাঠীরা অংশ নেন।

​এই জোড়া খুনের ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নথিপত্র অনুযায়ী, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মরদেহটি একটি আবর্জনার ব্যাগে ভরা অবস্থায় উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

​নিহত লিমন সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে; আগামী বুধবার জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে ওয়াশিংটন দূতাবাস। পুরো ঘটনাটি বর্তমানে মার্কিন পুলিশের নিবিড় তদন্তের অধীনে রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর