পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট ৪৪,৯৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার (৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানানো হয়েছে যে, সরকারি ও বেসরকারি
ব্যবস্থাপনায় মোট ১১৩টি ফ্লাইটের মাধ্যমে তারা সেখানে পৌঁছান।
হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০,৮৮৪ জন। পরিবহনকারী সংস্থাগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫২টি ফ্লাইটে ২১,৩০১ জন, সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে ১৫,৪২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে ৮,২২৯ জন যাত্রী বহন করেছে।
অন্যদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। মৃতদের সবাই পুরুষ, যার মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। সর্বশেষ গত ২৮ এপ্রিল রংপুরের মো. শামসুল আলম (৬৩) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালন করবেন। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে এই কার্যক্রম সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
এসআর