[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ১০:৩৭ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ মে (বুধবার) ফ্লোরিডার টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনের

 বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

​মিয়ামি কনস্যুলেটের সমন্বয়ে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়াটি তদারকি করছে। অন্যদিকে, একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। লিমনের মরদেহ নিয়ে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতিমধ্যে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনসাল জেনারেল সেহেলি সাবরিন উপস্থিত থেকে পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন।

​উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের দশ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির নিখোঁজের খবরও সামনে আসে। পরবর্তীতে গত রবিবার ফ্লোরিডার একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশবিশেষ উদ্ধার করে স্থানীয় পুলিশ। দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে প্রবাসীদের পাশাপাশি দেশেও শোকের ছায়া নেমে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর