[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি বিস্তারের আশঙ্কা, নতুন চার জেলায় ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৬ ১০:০৪ পিএম

সংগৃহীত ছবি

অবিরাম ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় ইতোমধ্যে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আগামী কয়েক দিনে বৃষ্টিপাত আরও বাড়লে নতুন করে চারটি জেলায় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


শনিবার (২ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী এবং হাওর এলাকায় অতিভারী বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস বলছে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।


এ পরিস্থিতিতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।


নেত্রকোনায় ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা স্থিতিশীল থাকলেও নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া ধনু-বাউলাই নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয়ভাবে নতুন করে প্লাবনের ঝুঁকি তৈরি করতে পারে।


অন্যদিকে, হবিগঞ্জের খোয়াই ও সুতাং এবং মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীর পানিও বাড়ছে। বিশেষ করে খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এতে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাবাসীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর