[email protected] রবিবার, ৩ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

দীর্ঘদিন পর অগ্রগতি: তনু হত্যা মামলার জট খুলছে বলে জানালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৬ ৯:৩৮ পিএম

সংগৃহীত ছবি

আলোচিত তনু হত্যা মামলার তদন্তে দীর্ঘ সময়ের স্থবিরতার পর নতুন অগ্রগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ ও নির্দেশনার পরিপ্রেক্ষিতেই মামলাটিতে গতি এসেছে।


শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সভার আয়োজন করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচি।


মন্ত্রী বলেন, ঈদের সময় প্রধানমন্ত্রী মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং পরবর্তীতে তাকে বিস্তারিত তথ্য জানানো হয়। তার এই বিশেষ নজরদারির ফলেই দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।


তিনি আরও জানান, ইতোমধ্যে মামলায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং পর্যায়ক্রমে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। যদিও বিষয়টি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, তবুও আইন মন্ত্রণালয় এ বিষয়ে সমন্বয় করে কাজ করছে।


উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।


ঘটনার পর বিভিন্ন সংস্থা পর্যায়ক্রমে তদন্ত করলেও দীর্ঘদিন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। পরে মামলাটি পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়।


তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তনুর পোশাক থেকে সংগৃহীত নমুনায় একাধিক ব্যক্তির ডিএনএ পাওয়া গেলেও তা সন্দেহভাজনদের সঙ্গে মিলিয়ে দেখা হয়নি। সম্প্রতি আদালতের অনুমতি নিয়ে সন্দেহভাজনদের ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করে তার নমুনা সংগ্রহ করা হয়েছে, অন্যদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া চলমান রয়েছে।


সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই উদ্যোগ মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসআর

সম্পর্কিত খবর