প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে এসে সুরমা নদীর তীর উন্নয়নসহ প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ঐতিহ্যবাহী চাঁদনীঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে
তিনি এই মেগা প্রকল্পের ফলক উন্মোচন করেন। প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে আধুনিক সৌন্দর্যবর্ধন এবং টেকসই বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ করা হবে, যা নদীভাঙন রোধের পাশাপাশি নগরবাসীর বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রকল্পের মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী।
এ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা মিফতাহ সিদ্দিকী, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও তাহসিনা রুশদীর লুনা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে অংশ নেন। এই উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সিলেটের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও পরিবেশগত সুরক্ষার নতুন ধাপ সূচিত হলো বলে মনে করা হচ্ছে।
এসআর