প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয় করে ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। বাংলাদেশ সময় শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত ৮
হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গে আরোহণ করেন। এর মাধ্যমে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বত জয়ের বিরল কীর্তি গড়লেন তিনি।
চট্টগ্রামভিত্তিক সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের সাফল্যের বিষয়টি নেপালি আউটফিটার মোহন লামসালের বরাতে নিশ্চিত হওয়া গেছে। গত ৭ এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা করে বাবর আলী ১৮ এপ্রিল বেসক্যাম্পে পৌঁছান এবং উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার ধাপগুলো শেষ করেন। ৩০ এপ্রিল চূড়ান্ত আরোহণ শুরু করে ক্যাম্প-২ ও ক্যাম্প-৩ হয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি চূড়ায় পৌঁছান। অভিযানে তাঁর সঙ্গী ছিলেন আং কামি শেরপা এবং এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
পেশায় চিকিৎসক বাবর আলী ইতিপূর্বে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এবং অক্সিজেন ছাড়া মানাসলু জয় করেছেন। বর্তমানে তিনি মাকালু শীর্ষ থেকে অবতরণ করছেন এবং আগামী ৩ মে বেসক্যাম্পে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ২০২২ সালে তিনি আমা দাবলাম পর্বতটিও জয় করেছিলেন। তাঁর এই সাফল্যে বাংলাদেশের পর্বতারোহণ অঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
এসআর