[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

সিলেটে প্রধানমন্ত্রী : মাজার জিয়ারত ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৬ ১১:৩৯ এএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে এসে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন তারেক রহমান। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং জিয়ারত শেষে ১০টা ৫০ মিনিটে সেখান থেকে বিদায় নেন। এর আগে মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল ১০টায় ইউএস-

বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, যেখানে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

ঢাকা থেকে রওনা হওয়ার আগে তিনি সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন। মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সুরমা নদীর তীরবর্তী জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমাবেশে যোগ দেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন এবং বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট শহরজুড়ে ব্যাপক সৌন্দর্যবর্ধন, সড়ক সংস্কার ও নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য যে, গত ২১ জানুয়ারি তিনি সিলেটে এসেছিলেন এবং ২২ জানুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন।

এসআর

সম্পর্কিত খবর