বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সচিবালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান
সরকার ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী নয় এবং প্রতিটি মানুষের নিজ নিজ ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সব ধর্মের মানুষের সম্মিলিত আত্মত্যাগের বিনিময়ে। তাই এই দেশ সবার। তিনি আরও উল্লেখ করেন, 'বাংলাদেশি জাতীয়তাবাদ'-এর দর্শনই পারে দেশের সকল সম্প্রদায় ও নৃগোষ্ঠীর সহাবস্থান নিশ্চিত করতে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হীনম্মন্যতায় না ভোগার আহ্বান জানিয়ে তিনি বলেন, গৌতম বুদ্ধের অহিংসা ও পঞ্চশীল নীতি অনুসরণ করলে একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বুদ্ধমূর্তি তুলে দেওয়া হয়।
এসআর