[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

ভোটার নিবন্ধনে এসএসসি সনদ যুক্ত করা বাধ্যতামূলক: ইসি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ১:৫৫ এএম

সংগৃহীত ছবি

ভোটার তালিকায় নতুন নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষাগত তথ্য সংরক্ষণ আরও নির্ভুল করতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।

এতে বলা হয়েছে, মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির এসএসসি বা সমমানের সনদ অবশ্যই ডাটাবেজে যুক্ত করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন অনুবিভাগটির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম।


নির্দেশনায় বলা হয়, পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময়—বিশেষ করে জন্মতারিখ যাচাইয়ে—এসএসসি সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হয়।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে আবেদনকারীর মাধ্যমিক বা তার ঊর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট অফিসগুলো ডাটাবেজে ওই সনদ সংযুক্ত করছে না। এতে তথ্য যাচাই ও সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে।


এছাড়া কিছু ক্ষেত্রে আবেদনকারীরা পূর্বে দেওয়া শিক্ষাগত তথ্য অস্বীকার করায় সংশোধন প্রক্রিয়ায় জটিলতা ও অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। এতে নির্বাচন কমিশনের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।


এ অবস্থায়, যেসব ব্যক্তি মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তাদের নিবন্ধনের সময় এসএসসি বা সমমানের সনদ (জন্মতারিখসহ) বাধ্যতামূলকভাবে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কেউ উচ্চ মাধ্যমিক, স্নাতক বা তার ঊর্ধ্বতন ডিগ্রিধারী হলেও এসএসসি সনদ যুক্ত করতেই হবে।


একই সঙ্গে সংশ্লিষ্ট সনদপত্রের হার্ড কপি নিবন্ধন ফরম, জন্ম সনদসহ অন্যান্য কাগজপত্রের সঙ্গে সংরক্ষণ করার কথাও বলা হয়েছে।


এ নির্দেশনা বাস্তবায়নে জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত তদারকি এবং অফিস পরিদর্শনের সময় বিষয়টি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর