[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

সংসদে ফজলুর রহমান: মুক্তিযুদ্ধে ভারতের অবদান উল্লেখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ৬:৩২ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের অধিবেশনে মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে প্রাণ দিয়েছেন।

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


ফজলুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দীর্ঘ সময়ের লড়াইয়ের ফল। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংগ্রামের ধারাবাহিকতায় দেশ স্বাধীন হয়েছে। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে ভারত সরাসরি যুদ্ধে অংশ নেয় এবং তাদের বহু সৈন্য এ দেশের মাটিতে জীবন বিসর্জন দেন।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে সে সময় সোভিয়েত ইউনিয়নের সমর্থন এবং নিরাপত্তা পরিষদে ভেটো বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে বলে তিনি মত দেন।


মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, মুক্তিযুদ্ধ ছিল একটি ঐতিহাসিক ও বৃহৎ সংগ্রাম, যা কোনো স্বল্পমেয়াদি আন্দোলনের সঙ্গে তুলনীয় নয়।


এ সময় তিনি জোর দিয়ে বলেন, স্বাধীনতার এই অর্জন একদিনে আসেনি; বরং দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফলেই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এসআর

সম্পর্কিত খবর