[email protected] বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে সরকারের নানামুখী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ১১:৪১ এএম

সংগৃহীত ছবি

রাজধানীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে স্পিকার

 হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, নাগরিক সচেতনতা বাড়াতে সাপ্তাহিক প্রচারণার পাশাপাশি মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোতে ল্যান্ডস্কেপিং ও গ্রাফিতির কাজ চলছে এবং মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে রূপান্তরের মাধ্যমে 'জিরো ওয়েস্ট' লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী পাঁচ বছরে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৫ লাখ বৃক্ষরোপণসহ মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় বনায়ন করা হবে। বায়ুদূষণ রোধে ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগের পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধে সাভারকে 'ডিগ্রেডেড এয়ারশেড' ঘোষণা করে সেখানে বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ ঢাকার ১৯টি খালের দূষণ উৎস চিহ্নিত করে ২৪৮টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং আইপি ক্যামেরার মাধ্যমে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। বন অধিদপ্তরের সহযোগিতায় ইতোমধ্যে ৪১ হাজারের বেশি গাছ রোপণ করা হয়েছে এবং আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকাকে সবুজে ঢেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

এসআর

সম্পর্কিত খবর