চলমান অস্থির আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
পূর্বাভাস অনুযায়ী, অন্তত ১৭টি অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
এদিকে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের বেশ কয়েকটি বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এতে বাতাসের গতি ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও তীব্র দমকা হাওয়া।
আরও বলা হয়েছে, আগামী চার দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে, যা নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার কারণ হতে পারে।
বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তাই এসব অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের আকাশে বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত থাকায় এই পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে।
এসআর