দেশে হাম এবং এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সারা দেশে নতুন করে ১ হাজার ২৭৬ শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা গেছে।
মৃতদের মধ্যে হাম শনাক্ত হওয়া তিনজনই ঢাকার বাসিন্দা। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে বরিশালে দুইজন, ঢাকায় দুইজন, রাজশাহীতে একজন এবং সিলেটে একজন রয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৪৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে সারা দেশে ৩৪ হাজার ৬৬২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ২৩ হাজার ৩৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যার মধ্যে প্রায় ২০ হাজার শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।
এসআর