জাতীয় সংসদে এক বক্তব্যকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না।
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ফজলুর রহমানের বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে হট্টগোল শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।
হট্টগোলের মধ্যেই নিজের অবস্থানে অনড় থেকে তিনি আবারও একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন এবং বলেন, কেউ যদি মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য হয়েও জামায়াতের সঙ্গে যুক্ত থাকেন, তবে তা গুরুতর অপরাধের শামিল।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধের গুরুত্ব খাটো করা হয়। তার এই মন্তব্য নিয়েও সংসদে প্রতিক্রিয়া দেখা যায়।
এদিকে, তার বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে ওই মন্তব্যকে অসংসদীয় দাবি করেন এবং তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান।
এসআর