অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সরকারি সূত্র ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন পর্যালোচনায় জানা গেছে, তার ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমানো হয়নি।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের পর এক বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর সুরক্ষা পাবেন।
কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, তার ভিভিআইপি সুবিধা ৬ মাসে নামিয়ে আনা হয়েছে এবং আগামী আগস্টের পর নিরাপত্তা প্রত্যাহার করা হবে।
তবে সরকারি ব্যাখ্যায় এসব তথ্যকে বিভ্রান্তিকর বলা হয়েছে।
গত ২৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এর আগে ১০ ফেব্রুয়ারির জারিকৃত আদেশ বহাল রয়েছে।
ওই আদেশ অনুযায়ী, ড. ইউনূস দায়িত্ব ছাড়ার পরবর্তী এক বছর ভিভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন।
নতুন প্রজ্ঞাপনে ৬ মাসের নিরাপত্তা সুবিধার বিষয়টি উল্লেখ থাকলেও তা ভবিষ্যতে দায়িত্ব গ্রহণকারী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাদের জন্য প্রযোজ্য হবে বলে জানা গেছে। বর্তমান ক্ষেত্রে এটি ড. ইউনূসের ওপর প্রভাব ফেলছে না।
আইন বিশেষজ্ঞদের মতে, পূর্বের আদেশ অক্ষুণ্ণ রাখার বিষয়টি স্পষ্ট থাকায় তার নিরাপত্তা সুবিধা নিয়ে কোনো আইনি জটিলতা নেই।
ফলে, নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি আগের মতোই ভিভিআইপি মর্যাদা ও এসএসএফ সুরক্ষা পাবেন।
এসআর