[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

চার জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ৮:৫১ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় একদিনে ৮ জনের প্রাণহানি হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালী জেলায় পৃথক ঘটনায় এসব মৃত্যু ঘটে। পাশাপাশি কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।


নেত্রকোনা:
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। সকালে ধনু নদে মাছ ধরতে গিয়ে এক জেলে বজ্রপাতে নিহত হন। এছাড়া দুপুরে হাওরে ধান শুকানো ও কাটার সময় আরও দুজনের প্রাণহানি ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোতে নিহতরা ঘটনাস্থলেই মারা যান।


হবিগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিকেলে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।


সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় তিনজন কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। কালবৈশাখী ঝড়ের সময় হাওরে কাজ করা অবস্থায় এসব ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


নোয়াখালী:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাদামক্ষেত থেকে ফেরার পথে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে হঠাৎ ঝড় শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। এ সময় অপ্রয়োজনে খোলা জায়গায় না থাকা এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর