দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী শনিবার (২ মে) তার এ সফর অনুষ্ঠিত হবে, যা ঘিরে পুরো নগরজুড়ে প্রস্তুতির ব্যস্ততা দেখা যাচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। দিনব্যাপী সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সূচি অনুযায়ী, চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেলে জেলা স্টেডিয়ামে ক্রীড়া আয়োজনের উদ্বোধন এবং পরে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার।
এদিকে সফরকে ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি চলছে। বিমানবন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ জোরদার করা হয়েছে। বিভিন্ন মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার টানানোসহ সাজসজ্জার কাজও চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন, চেকপোস্ট স্থাপন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজনৈতিক অঙ্গনেও দেখা যাচ্ছে প্রস্তুতি। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সফর সফল করতে বিভিন্ন সভা ও সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা আশা করছেন, এই সফরে সিলেট অঞ্চলের যোগাযোগ ও শিল্প উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করা হবে।
এসআর