প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুত সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ বিষয়ে সরকারের সক্রিয় বিবেচনা চলছে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলাম-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
একই অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে সম্পন্ন হয় এবং পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে।
ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, কেন্দ্র নির্ধারণ ও সংস্কার, এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নানা বিষয় বিবেচনায় রেখে তফসিল ঘোষণা করা হয়।
তফসিল ঘোষণার আগে অন্তত ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন হয় বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে বিএনপির সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় বা স্থানীয় কোনো পর্যায়ের নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, ২০১৮ থেকে ২০২৪ মেয়াদে প্রায় ৩ হাজার ৮২৫ কোটি টাকায় দেড় লাখ ইভিএম কেনার একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কেনা এসব যন্ত্রপাতি নিয়ে অডিট আপত্তি এবং দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান রয়েছে। বর্তমানে অব্যবহৃত ইভিএম বিভিন্ন গুদাম ও সংশ্লিষ্ট সংরক্ষণাগারে রাখা আছে।
এছাড়া ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা-এর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জনপ্রশাসন সংস্কার কমিশন ২০২৪ সালের ডিসেম্বরে ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে।
প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে থাকবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা। বিষয়টি চূড়ান্ত করতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
এসআর