জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
এর মধ্যে নতুন, সংশোধিত এবং মেয়াদ বাড়ানো—তিন ধরনের প্রকল্পই রয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়–এ অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় অর্থ ও পরিকল্পনাবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় হবে।
বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত ১৪টির অনুমোদন দেওয়া হয়। তবে বড় অঙ্কের এই বিনিয়োগের পাশাপাশি কয়েকটি প্রকল্পে একাধিকবার সময় বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
বিশেষ করে সড়ক ও সেতু খাতের কিছু প্রকল্পে বারবার মেয়াদ বৃদ্ধির পরও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের কয়েকটি প্রকল্পে একাধিকবার সময় বাড়ানোর নজির রয়েছে।
এ পরিস্থিতিতে বিলম্বের কারণ খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগ প্রকল্প বাস্তবায়নে গতি আনতে সহায়ক হবে।
এসআর