[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে ঐতিহাসিক বিল পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৬:২৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সদস্যদের জন্য দীর্ঘদিনের প্রচলিত শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে সংসদে বিল পাস হয়েছে। আজ ২৬ এপ্রিল (রবিবার) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত

 অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এই বিল পাসের মাধ্যমে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের ‘আর্টিকেল থ্রি-সি’ বিলুপ্ত হলো, যা সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনি অধিকার প্রদান করত।

​বিলটি উত্থাপনের সময় আইনমন্ত্রী জানান, জনগণের প্রতিনিধি হিসেবে এই বিশেষ সুবিধা ভোগ করা নির্বাচনী প্রতিশ্রুতির পরিপন্থী এবং সাধারণ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাধারার আলোকেই এই সংশোধনী আনা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমান সংসদের সরকারি ও বিরোধী দল আগেই শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দিয়েছিল।

১৯৮৮ সালে সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে এই সুবিধা চালু হয়েছিল, যা দীর্ঘ কয়েক দশক পর বাতিল করা হলো। বিলটি পাসের ফলে এখন থেকে সংসদ সদস্যদের গাড়ি আমদানির ক্ষেত্রে সাধারণ নাগরিকদের মতোই নিয়ম মেনে চলতে হবে।

এসআর

সম্পর্কিত খবর