[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

পূর্বাচলকে ঢাকা জেলায় যুক্ত করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১২:৩৯ এএম

সংগৃহীত ছবি

রাজধানী ঘিরে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্প-সংক্রান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রকল্প এলাকাটিকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার পাশাপাশি নগরসেবা প্রদানকারী সংস্থাগুলোর আওতায় আনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বাচল প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসা-এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীন থাকা প্রকল্পের অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে।


সরকারি সূত্র বলছে, প্রকল্পটি তিন জেলার সীমানাজুড়ে বিস্তৃত হওয়ায় দীর্ঘদিন ধরে সেবা ব্যবস্থাপনায় জটিলতা ছিল।

আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছিল।


নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এলাকাবাসী সিটি করপোরেশনের নিয়মিত সেবাগুলো—যেমন জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেন উন্নয়ন, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণ—সহজে পাবেন বলে আশা করা হচ্ছে।


এছাড়া, আইনশৃঙ্খলা জোরদারে প্রকল্প এলাকাকে মহানগর পুলিশের অধীনে আনা হবে এবং পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ওয়াসার কার্যক্রম সম্প্রসারণ করা হবে।


সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পূর্বাচল এলাকায় দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি কমবে এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সহজ হবে।

 

এসআর

সম্পর্কিত খবর