দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে দুই পক্ষ থেকেই সমানসংখ্যক প্রতিনিধি থাকবেন।
জাতীয় সংসদে আলোচনার সময় তিনি জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছে এবং বিরোধী দলকেও সমসংখ্যক সদস্য মনোনয়নের আহ্বান জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কমিটির নেতৃত্বে থাকবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
প্রধানমন্ত্রী বলেন, এই কমিটির মাধ্যমে বিরোধী দলের মতামত ও প্রস্তাব সরাসরি সরকারের কাছে পৌঁছাবে। কার্যকর ও বাস্তবসম্মত সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা হলেও দেশের স্বার্থে যে কারও সঙ্গে আলোচনা করতে সরকার প্রস্তুত।
সরকারি দলের প্রস্তাবিত সদস্যদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এর আগে সংসদে আলোচনার সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান যৌথভাবে সংকট মোকাবিলার প্রস্তাব দেন। তার জবাবেই সরকার এই কমিটি গঠনের উদ্যোগ নেয়। প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বিরোধী দল শিগগিরই তাদের প্রতিনিধিদের নাম জানাবে বলে জানিয়েছে।
গত কয়েকদিন ধরে জ্বালানি তেল, গ্যাস সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা চলছিল। এই প্রেক্ষাপটেই সমন্বিত উদ্যোগ হিসেবে যৌথ কমিটির ধারণা সামনে আসে, যা সংকট সমাধানে নতুন পথ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসআর