[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

সেচে বিদ্যুৎ নিশ্চিত করতে ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৬:৫৭ পিএম

সংগৃহীত ছবি

কৃষিখাতে সেচ কার্যক্রম সচল রাখতে রাজধানী ঢাকায় সীমিত আকারে পরীক্ষামূলক লোডশেডিং চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


তিনি জানান, দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বৈষম্য কমানো এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।


প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ হচ্ছে প্রায় ২ হাজার ৬০০ মিলিয়নের কিছু বেশি। এই ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দ্রুত গ্যাস আমদানি বাড়ানো সম্ভব না হলেও আগামী ছয় মাসে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।


এদিকে, একটি আমদানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র এবং একটি কয়লাভিত্তিক কেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহ আরও চাপে পড়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলো আবার চালু হলে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর