[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

অসংক্রামক রোগে মৃত্যুহার ৭১%: খাদ্যাভ্যাস ও নীতিগত উদ্যোগে জোর দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৫:৪৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে মোট মৃত্যুর বড় একটি অংশ এখন অসংক্রামক রোগজনিত।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিনি, লবণ, স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স-ফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবারের কারণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি বাড়ছে।

World Health Organization-এর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৭১ শতাংশ মৃত্যুর পেছনে এসব রোগ দায়ী।
রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেন, প্যাকেটজাত খাবারের সামনে স্পষ্ট পুষ্টি সতর্কবার্তা বা ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) চালু করলে ভোক্তারা সহজেই বুঝতে পারবেন কোন খাবারে অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর চর্বি রয়েছে। এতে সচেতন খাদ্য নির্বাচন সহজ হবে এবং ধীরে ধীরে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে উঠবে।


তারা আরও উল্লেখ করেন, বর্তমানে অধিকাংশ মানুষ নিয়মিত প্যাকেটজাত খাদ্য গ্রহণ করলেও পেছনের জটিল পুষ্টি তথ্য অনেকের কাছে বোধগম্য নয়। এ কারণে মানুষ অনেক সময় না জেনেই অস্বাস্থ্যকর খাবার বেছে নিচ্ছেন। বাধ্যতামূলক লেবেলিং চালু হলে এই সমস্যার সমাধান সম্ভব।


বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এ ধরনের লেবেলিং কার্যকর হয়েছে এবং সেখানে ভোক্তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। অস্বাস্থ্যকর খাবারের ব্যবহারও কমেছে বলে জানানো হয়।


কর্মশালায় আরও উঠে আসে, দেশে অসংক্রামক রোগ বাড়লেও এ খাতে বাজেট বরাদ্দ তুলনামূলক কম। বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধ সব স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত পাওয়া যায় না। পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা পর্যায়ে ওষুধ সরবরাহ বাড়ানো গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলে মত দেন বক্তারা।


অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসআর

সম্পর্কিত খবর