সরকার দূরপাল্লা ও আন্তঃজেলা বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন ঘোষণায় প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। একইভাবে দূরপাল্লার রুটে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, এই ভাড়া বৃদ্ধি আজ থেকেই কার্যকর হবে এবং এটি মূলত ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। সিএনজিচালিত বাসের ভাড়া আপাতত অপরিবর্তিত থাকবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও পুনর্বিবেচনা করা হবে। তবে রেল ও নৌপথের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, এর আগে ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
এসআর