দেশে তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
পাশাপাশি আগামী পাঁচ বছরে বিপুলসংখ্যক তরুণকে প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে আরও সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে কয়েক হাজার ফ্রিল্যান্সার এই সুবিধা পেয়েছেন এবং এ কার্যক্রম চলমান রয়েছে। একই সময়ে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, সরকারি সেবাকে সহজলভ্য করতে বর্তমানে ৮০টির বেশি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং শিগগিরই আরও কিছু নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পেপ্যাল চালুর বিষয়ে তিনি বলেন, দেশে এই সেবাটি চালু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।
এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ চালুর কথাও উল্লেখ করেন তিনি। এসব প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যাপ ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইসিস ও সাইবার নিরাপত্তার মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নারীদের প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
এসআর