জাতীয় বেতন কাঠামোসহ তিনটি গুরুত্বপূর্ণ বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ তৈরির জন্য নতুন করে একটি কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫’-এর প্রতিবেদন ঘিরে পরবর্তী করণীয় নির্ধারণে এই কমিটি কাজ করবে।
কমিটিতে আরও আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ প্রতিরক্ষা, অর্থ, আইন ও বিচার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবরা। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট তিন কমিশনের জমা দেওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে বেতন সংক্রান্ত বিষয়গুলো যাচাই-বাছাই করা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা। নির্ধারিত সময়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে তারা। এ কাজে অর্থ বিভাগ প্রশাসনিক সহায়তা দেবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পূর্বের একটি স্মারকের ধারাবাহিকতায় এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
এসআর