দেশের প্রতিটি উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মীর শাহে আলম।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, উপজেলা পরিষদের বিদ্যমান বা নতুন ভবনে প্রয়োজনীয় আসবাবপত্র ও সংযুক্ত বাথরুমসহ একটি কক্ষ প্রস্তুত করা হবে। তবে বিধিমালার সীমাবদ্ধতার কারণে এটি সরাসরি কোনো সংসদ সদস্যের নামে বরাদ্দ না হয়ে ‘পরিদর্শন কক্ষ’ হিসেবে ব্যবহৃত হবে।
এই কক্ষ ব্যবহার করে সংসদ সদস্যরা তাদের দাপ্তরিক কাজ পরিচালনা করতে পারবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা রয়েছে, সেখানে প্রতিটি উপজেলায় এমন কক্ষ রাখার ব্যবস্থা থাকবে, যাতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা সহজে কার্যক্রম পরিচালনা করতে পারেন।
এসআর