বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বসে কোনো কিছু পান বা আহার করার নিয়ম নেই। এই শিষ্টাচার লঙ্ঘন করায় মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশনে একজন সংসদ সদস্যকে
কঠোরভাবে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশন চলাকালে স্পিকার লক্ষ্য করেন যে, একজন সংসদ সদস্য তার আসনে বসে কিছু একটা পান করছেন। স্পিকার তাৎক্ষণিক মাইকে তাকে জিজ্ঞেস করেন তিনি কী খাচ্ছেন বা চা পান করছেন কি না। জবাবে ওই সদস্য জানান যে তিনি কেবল 'গরম পানি' পান করছেন। এতে ক্ষুব্ধ হয়ে স্পিকার মন্তব্য করেন, "পরে আরও কী খাবেন, গড নোজ (আল্লাহ জানেন)।" তবে ক্যামেরা সেই সংসদ সদস্যের দিকে না থাকায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কার্যপ্রণালী বিধি: সংসদের কার্যপ্রণালী বিধির ৩১১ নম্বর ধারা অনুযায়ী, অধিবেশন কক্ষ সংসদের আনুষ্ঠানিক বৈঠক ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা নিষিদ্ধ। খাওয়া-দাওয়া যেহেতু বৈঠকের অংশ নয়, তাই এটি বিধির পরিপন্থী।
সংসদীয় রীতি: দীর্ঘদিনের সংসদীয় রেওয়াজ অনুযায়ী, অধিবেশন চলাকালীন সংসদ সদস্যদের শৃঙ্খলা ও কক্ষের মর্যাদা বজায় রাখা বাধ্যতামূলক। সেখানে চা-কফি বা খাবার গ্রহণের কোনো সুযোগ নেই।
বিকল্প ব্যবস্থা: সংসদ সদস্যদের জন্য ভবনের ভেতরেই আলাদা ক্যাফেটেরিয়া ও ডাইনিংয়ের সুব্যবস্থা রয়েছে, যেখানে তারা প্রয়োজনে খাবার বা পানীয় গ্রহণ করতে পারেন।
মূলত অধিবেশন কক্ষের গাম্ভীর্য রক্ষা করতেই স্পিকার এমন কড়া অবস্থান গ্রহণ করেন।
এসআর