প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় দিনব্যাপী সরকারি সফরে পৌঁছেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান
তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। সফরসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া দিনভর তার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে:
বিচার বিভাগ ও অবকাঠামো: বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবন এবং সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ডের উদ্বোধন করবেন।
সিটি করপোরেশন ঘোষণা: বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে রূপান্তরের ফলক উন্মোচন করবেন।
স্বাস্থ্যসেবা: দুপুর পৌনে ১টায় গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি: বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এরপর বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ভোরে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছান। সফর শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) কিছু সময় যাত্রাবিরতি করবেন।
এসআর