মুক্তিযোদ্ধার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে জোরালো পদক্ষেপ নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে ইতোমধ্যে ৬ হাজার ৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গঠনের পর থেকেই প্রকৃত মুক্তিযোদ্ধা শনাক্তে কাজ চলছে এবং ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, কিছু ব্যক্তি ভুল তথ্যের মাধ্যমে ভারতীয় তালিকাসহ বিভিন্ন উৎসে নিজেদের অন্তর্ভুক্ত করেছিলেন। এখন এসব তথ্য পুনরায় যাচাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত মোট ৮৪২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তদন্ত শেষে ৪৮১ জনের নাম বাতিলের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জামুকার একটি উপকমিটি তদন্ত ও শুনানি পরিচালনা করে এবং প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সনদ ও সুবিধা বাতিলের সুপারিশ করা হয়।
মন্ত্রী জানান, দেশের যেকোনো অঞ্চল থেকে অভিযোগ এলে একই প্রক্রিয়ায় তদন্ত করা হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা পুরোপুরি নির্ভুল ও স্বচ্ছ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসআর