ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস অনুসন্ধানে অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক ওরফে হেলালকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি নরসিংদী থেকে উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ঘটনাস্থলে পাওয়া গুলি ও কার্তুজ ওই অস্ত্র থেকেই ছোড়া হয়েছিল। পরে বিশেষ বিশ্লেষণের মাধ্যমে অস্ত্রটির সিরিয়াল নম্বরও শনাক্ত করা হয়।
তদন্তে উঠে এসেছে, পিস্তলটি প্রথমে ঢাকার একটি লাইসেন্সধারী প্রতিষ্ঠান আমদানি করে এবং পরে ধাপে ধাপে চট্টগ্রামের একটি অস্ত্র বিক্রয় প্রতিষ্ঠানের কাছে পৌঁছায়। সেই প্রতিষ্ঠানের মালিকই বর্তমানে গ্রেপ্তার হেলাল। তার লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হলেও পরবর্তীতে অস্ত্র লেনদেনের অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, কীভাবে এই অস্ত্রটি শেষ পর্যন্ত হামলাকারীদের হাতে যায়, তা জানতে হেলালকে জিজ্ঞাসাবাদ জরুরি। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলেও কয়েকদিন পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। তদন্ত শেষে একাধিক ব্যক্তিকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে তদন্ত নিয়ে অসন্তোষ জানিয়ে পুনঃতদন্তের আবেদন করলে আদালত মামলাটি অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দেয়।
এসআর