পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর প্রায় সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কয়েকজন কৃষকের হাতে প্রতীকীভাবে কার্ড তুলে দেওয়া হয়।
এর আগে সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে রওনা হয়ে বেলা ১১টার দিকে টাঙ্গাইলে পৌঁছানো হয়।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়া যাবে।
কৃষিমন্ত্রীর দেওয়া তথ্যমতে, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হবে। এতে প্রায় ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক অন্তর্ভুক্ত হবেন। তারা বছরে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষিখাতে সহায়তা জোরদার করার পাশাপাশি পূর্বঘোষিত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। এর আগে চালু হওয়া বিভিন্ন সামাজিক কর্মসূচিও ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
এসআর