দেশব্যাপী কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করতে আজ টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ৮টায় গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছে প্রথমেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় একটি কৃষক সমাবেশেও বক্তব্য রাখার কথা রয়েছে তার।
দুপুর সোয়া ১২টার দিকে পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরকে ঘিরে ইতোমধ্যে টাঙ্গাইল জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রস্তুতি তদারকিতে আগেই জেলায় পৌঁছেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।
এসআর